জাপানে টয়োটার সব কারখানা বন্ধ

৩০ আগষ্ট, ২০২৩ ০২:৪২  

‘সিস্টেম ম্যালফাংশন’ এর কারণে জাপানের ১৪টি কারখানায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রেখেছে বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। আর বন্ধ হওয়ার খবর প্রকাশের পরই টয়োটার বাজার শেয়ার দশমিক ৬৪ শতাংশ কমেছে।

মঙ্গলবার কোম্পানির একজন মুখপাত্র বলেছেন,কারিগরি ত্রুটির কারণে কমপোন্টেন অ্যাসেম্বেল এর ক্ষেত্রে দেয়া নির্দেশনা প্রতিপালনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় প্ল্যান্টের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই ত্রুটি’র পেছনে সাইবার দুবৃত্তদের কোনো হাত নেই বলেও নিশ্চিত করেছেন ওই মুখপাত্র।

আল জাজিরার’ খবরে প্রকাশ, ১৪ টি প্ল্যান্টের মধ্যে আগের দিন ১২ টি প্লান্ট প্রাথমিকভাবে বন্ধ হওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সমস্ত প্ল্যান্ট বন্ধ করার সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে টয়োটা কবে উৎপাদন আবার শুরু করবে বা এই ত্রুটির কারণে কোম্পানির কতটা ক্ষতি হতে পারে সে সম্পর্কে কোন কিছু জানানো হয়নি।
এর আগেও সরবরাহকারী প্রতিষ্ঠান কোজিমা ইন্ডাস্ট্রিজ সাইবার আক্রমণের শিকার হওয়ার পর গত বছরের ফেব্রুয়ারিতে অস্থায়ীভাবে ১৪টি প্ল্যান্টের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছিল টয়োটা। তখন একদিন উৎপাদন বন্ধ থাকায় প্রায় ১৩ হাজার গাড়ি বিক্রি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

টানা তিন বছর ধরেই অটোমেকার বাজারে শীর্ষে রয়েছে টয়োটা। ২০২২ সালে বিক্রি করেছে ১০.৪ মিলিয়ন গাড়ি। বিশ্বের মোট টয়োটা গাড়ির এক তৃতীয়াংশই ১৪টি কারখানায় উৎপাদিত হয়। চলতি বছরের জন্য ১০.৬ মিলিয়ন গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্র হাতে নিয়েছিলো জাপানি অটো জায়ান্ট।